ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে দিনাজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর হামলার প্রতিবাদে সারাদেশে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের দাবিতে দিনাজপুরে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ ডিসেম্বর বিকেলে দিনাজপুর জেলরোড এলাকার জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর ওপর সংঘটিত হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক অপতৎপরতা। আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত ও ভিন্ন খাতে প্রবাহিত করতেই এসব হামলা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, নির্বাচনী প্রচারণার সময় সারাদেশে বিএনপির বহু নেতাকর্মী হামলা ও হয়রানির শিকার হচ্ছেন। এ ধরনের সহিংসতা অব্যাহত থাকলে গণতন্ত্র চরম ঝুঁকির মুখে পড়বে। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মোকাররম হোসেন, সহ-সভাপতি আক্তারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জ্বলসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা এসব হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ১৮ কোটি মানুষের গণতান্ত্রিক প্রত্যাশা রক্ষায় অবিলম্বে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে দোষীদের আইনের আওতায় আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com