অনলাইন ডেস্ক
আইপিএল নিলাম মানেই রোমাঞ্চ, হিসাব-নিকাশ আর কোটি টাকার দরকষাকষি। প্রতি মৌসুমেই বাংলাদেশের ক্রিকেটভক্তদের নজর থাকে—কোন দেশি ক্রিকেটার দল পেলেন, আর কত দামে দল পেলেন। ২০২৬ আইপিএল মিনি নিলামে সেই আগ্রহের কেন্দ্রে উঠে এসেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান, যিনি গড়েছেন নতুন এক মাইলফলক।
মুস্তাফিজুর রহমান
২০২৬ আইপিএল মিনি নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠেন মুস্তাফিজ। তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটার হিসেবে আইপিএল নিলামে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্য। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা।
এর আগে আইপিএলে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে দল পেয়েছিলেন মুস্তাফিজ। ২০১৮ মৌসুমে ওই দামে তাকে দলে নিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। পরবর্তী মৌসুমগুলোতে খেললেও আর এমন বড় অঙ্কের মূল্য পাননি তিনি।
মাশরাফি বিন মুর্তজা
আইপিএলে বাংলাদেশিদের মধ্যে দীর্ঘদিন সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড ছিল সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। ২০০৯ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছিল ৬ লাখ ডলারে। বর্তমান বিনিময় হারে সেটি প্রায় ৫ কোটি ৪৫ লাখ রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭ কোটি ৩৩ লাখ।
সাকিব আল হাসান
বাংলাদেশের আরেক তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০১৫ আইপিএলে ২ কোটি ৮০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন। আইপিএলের নয়টি আসরে অংশ নেওয়া সাকিব এবারের নিলামের সংক্ষিপ্ত তালিকায় না থাকলেও বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া ক্রিকেটারদের তালিকায় তিনি এখনও অন্যতম।
















Leave a Reply