অনলাইন ডেস্ক
বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনের সামনে দাঁড়িয়ে তাকে খানিকটা অপ্রস্তুত করে ফেললেন সময়ের জনপ্রিয় তারকা কার্তিক আরিয়ান। তবে তা কোনো বিতর্কে নয়—বরং হাসি, মজা আর প্রাণবন্ত আড্ডার মধ্যেই। জনপ্রিয় রিয়েলিটি শো ‘কউন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-এর সাম্প্রতিক একটি পর্বে অতিথি হয়ে হাজির হন কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে।
সনি টিভি প্রকাশিত ওই পর্বের প্রমোতে দেখা যায়, জেন-জি তারকাদের সঙ্গে দারুণ প্রাণচঞ্চল মেজাজে ছিলেন অমিতাভ। কার্তিককে তিনি পরিচয় করিয়ে দেন ‘ওজি বয়’ হিসেবে, আর অনন্যাকে বলেন ‘আল্টিমেট ট্রেন্ড সেটার’। আড্ডার ফাঁকে কার্তিক শেখান ‘কোরিয়ান হার্ট’ সাইন বানানোর কৌশল, যা আনন্দের সঙ্গে অনুসরণ করেন বিগ বি।
তবে জমে ওঠে আসল মজা, যখন কার্তিক শুরু করেন তার ‘র্যাপিড ফায়ার’ পর্ব। প্রথম প্রশ্নেই তিনি জানতে চান, ‘আপনি কি কখনো জয়া জির কাছ থেকে লুকিয়ে কিছু খেয়েছেন?’ সরাসরি উত্তর না দিলেও অমিতাভের মুখভঙ্গি আর ঠোঁট চাটার ভঙ্গিতেই দর্শক বুঝে নেন, উত্তরটি সম্ভবত ‘হ্যাঁ’।
এরপর কার্তিকের পরের প্রশ্ন, ‘স্যার, জয়া বচ্চন কি আপনার ফোনের পাসওয়ার্ড জানেন?’ হেসে অমিতাভ পাল্টা বলেন, ‘আমি কি পাগল যে এসব বলে দেব!’ এই রসিক জবাবে পুরো স্টুডিওজুড়ে হাসির রোল পড়ে যায়।
উল্লেখ্য, বর্তমানে কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে ব্যস্ত রয়েছেন তাদের আসন্ন রোমান্টিক-কমেডি সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’-এর প্রচারণায়। ছবিটি আগামী ২৫ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক বক্স অফিস সাফল্যের ধারাবাহিকতা এই ছবিতেও বজায় রাখতে পারেন কি না, সেদিকেই এখন নজর ভক্তদের।
















Leave a Reply