অনলাইন ডেস্ক
বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চনকে মুখোমুখি করে বিপাকে ফেললেন সময়ের জনপ্রিয় হার্টথ্রব কার্তিক আরিয়ান। তবে তা কোনো বিতর্কের কারণে নয়, বরং হাসি আর আনন্দে ভরা এক প্রাণবন্ত আড্ডায়। সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো ‘কউন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র মঞ্চে অতিথি ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে।
শো-তে কার্তিক অমিতাভকে একগুচ্ছ ব্যক্তিগত প্রশ্ন করে মজা তোলেন। সনি টিভির প্রকাশিত প্রমোতে দেখা যায়, অমিতাভ তারকাদের সঙ্গে দারুণ হাসিখুশিতে আছেন। তিনি কার্তিককে ‘ওজি বয়’ এবং অনন্যাকে ‘আল্টিমেট ট্রেন্ড সেটার’ হিসেবে পরিচয় করিয়ে দেন। আড্ডার এক পর্যায়ে কার্তিক অমিতাভকে ‘কোরিয়ান হার্ট’ সাইন বানানোও শেখান।
তবে আসল মজা শুরু হয় র্যাপিড ফায়ার রাউন্ডে। কার্তিকের প্রথম প্রশ্ন, ‘আপনি কি কখনো জয়া জির কাছ থেকে লুকিয়ে কিছু খেয়েছেন?’ অমিতাভ সরাসরি কিছু না বললেও, তার মুখভঙ্গি ও ঠোঁট চাটার ইঙ্গিত প্রকাশ করছিল উত্তরটি সম্ভবত ‘হ্যাঁ’।
পরবর্তী প্রশ্নে কার্তিক জানতে চান, ‘স্যার, জয়া বচ্চন কি আপনার ফোনের পাসওয়ার্ড জানেন?’ মজার ছলে অমিতাভ জবাব দেন, ‘আমি কি পাগল যে তাকে এসব বলে দেব!’—এই রসিকতায় পুরো স্টুডিও হাসিতে ফেটে পড়ে।
বর্তমানে কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে ব্যস্ত রয়েছেন তাদের আসন্ন রোমান্টিক-কমেডি সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’-এর প্রচারণায়। এই ছবি ২৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে। বক্স অফিসে কার্তিকের সাফল্যের ধারাবাহিকতা এবারও বজায় থাকে কি না, সেটাই দর্শকদের নজর কাড়ছে।
















Leave a Reply