অনলাইন ডেস্ক
ভারতের একটি সিনেমার প্রচারণা অনুষ্ঠানে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়েছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিধি আগারওয়াল। উপচে পড়া ভিড় ও ধস্তাধস্তির মধ্যে তাকে পোশাক নিয়ে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনাটি ঘটে ‘রাজা সাব’ সিনেমার গান প্রকাশ অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে পেছনের গেট দিয়ে বের হয়ে গাড়িতে ওঠার সময় নিয়ন্ত্রণহীন ভিড়ের কবলে পড়েন নিধি। ভিডিওতে দেখা যায়, ভক্তদের সেলফি নেওয়ার হুড়োহুড়ির মধ্যে অভিনেত্রীর ব্যক্তিগত পরিসরে অনধিকার প্রবেশ করা হয়। একপর্যায়ে তার পোশাক টেনে ধরা হয় এবং অনাকাঙ্ক্ষিতভাবে শরীরের খুব কাছাকাছি চলে আসেন কয়েকজন।
ভিডিওতে আরও দেখা যায়, আতঙ্কিত ও দিশাহারা অবস্থায় কোনোমতে গাড়িতে উঠে নিজের পোশাক ঠিক করতে দেখা যায় অভিনেত্রীকে।
এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই। গায়িকা চিন্ময়ী শ্রীপাদা সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এরা মানুষ নাকি হায়েনা? আসলে হায়েনাদের সঙ্গে তুলনা করাও অপমানজনক। এখানে একদল পুরুষ পরিকল্পিতভাবে একজন নারীকে হেনস্তা করতে জড়ো হয়েছিল।’
চিন্ময়ীর এই মন্তব্য নিয়ে নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তার প্রতিবাদী কণ্ঠের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ সব পুরুষকে এক কাতারে ফেলে দোষারোপ করার সমালোচনা করেছেন।
তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে অভিনেত্রী নিধি আগারওয়াল কিংবা সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
















Leave a Reply