অনলাইন ডেস্ক
নিয়মিত বাণিজ্যিক বিমানের ফ্লাইটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে আসছেন। তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এরই মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি জানান, নিরাপত্তা টিমের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) একে এম শামছুল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ তিনি নিজে বিমানবন্দরে গিয়ে সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান গাড়িতে ওঠা থেকে শুরু করে যে সড়কপথে এভারকেয়ার হাসপাতালে যাবেন—যেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন—সেখান থেকে গুলশানের বাসভবনে যাত্রা এবং দলের অন্যান্য কর্মসূচির বিষয়গুলো সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ও করা হয়েছে।
তিনি আরও বলেন, তারেক রহমানের নিরাপত্তা নিয়ে সরকারের সংশ্লিষ্ট মহল এবং বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে বিএনপির নিরাপত্তা টিম আলাদাভাবে সমন্বয় করছে। এ বিষয়ে একাধিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সরকারের সহযোগিতার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে—কীভাবে তারা ২৪ ডিসেম্বর রাত কিংবা ২৫ ডিসেম্বর সকালে ঢাকায় এসে তাদের প্রিয় নেতাকে স্বাগত জানাবেন।
তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি বলেন, এটি যেন দেশের গত ৫৫ বছরের ইতিহাসের সব দৃষ্টান্তকে ছাড়িয়ে যায় এবং ভবিষ্যতেও স্মরণীয় হয়ে থাকে—সেই লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সারাদেশের মানুষ এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমেদ জানান, তারেক রহমানকে বহনকারী বিমানটি আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।
















Leave a Reply