চিকিৎসকের চেম্বারে যৌন নিপীড়নের অভিযোগ, মামলা রেকর্ড

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে এক নারীকে যৌন হয়রানির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসকের নাম মো. নাসিম উদ্দিন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বোয়ালখালী থানায় মামলাটি রেকর্ড করা হয়। এর আগে গত মঙ্গলবার ভুক্তভোগীর ভাই থানায় এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দেন।

অভিযুক্ত নাসিম উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে কর্মরত। একই সঙ্গে তিনি বোয়ালখালী জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ ডিসেম্বর দিবাগত রাতে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকার ফুলতলে অবস্থিত ওই হাসপাতালের চিকিৎসকের ব্যক্তিগত চেম্বারে ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীর ভাই মো. ইসমাইল হোসেন অভিযোগে উল্লেখ করেন, তার বোন ওই দিন শ্বশুরকে চিকিৎসা করাতে হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসক শ্বশুরকে চেম্বার থেকে বের হয়ে যেতে বলেন এবং ওষুধ বুঝিয়ে দেওয়ার কথা বলে তার বোনকে একা চেম্বারে থাকতে বলেন।

অভিযোগে আরও বলা হয়, এরপর চিকিৎসক ওষুধ বুঝিয়ে দেওয়ার অজুহাতে ওই নারীকে বিভিন্ন অপ্রাসঙ্গিক ও অশালীন প্রশ্ন করতে থাকেন। একপর্যায়ে যৌন উদ্দেশ্যে জোরপূর্বক তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন। পরিস্থিতি বুঝে ওই নারী দ্রুত চেম্বার থেকে বের হয়ে আসেন।

ভুক্তভোগীর পরিবার জানায়, সামাজিক সম্মান ও পারিবারিক মর্যাদার কথা বিবেচনা করে প্রথমে ঘটনাটি কাউকে জানাননি ওই নারী। তবে গত ২২ ডিসেম্বর একই চিকিৎসকের কাছে শ্বশুরকে পুনরায় চিকিৎসার জন্য নেওয়ার বিষয়টি উঠলে তিনি পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনা খুলে বলেন। এর পরদিন ২৩ ডিসেম্বর রাতে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

ভুক্তভোগীর ভাই মো. ইসমাইল হোসেন বলেন, আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত চিকিৎসক ডা. মো. নাসিম উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ক্ষুদেবার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি রেকর্ড করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com