ডেস্ক রিপোর্ট
রাজধানীর কারওয়ান বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে আয়োজিত মানববন্ধন চলাকালে হামলার ঘটনা ঘটেছে। পরে ব্যবসায়ীরা লাঠিসোঁটা নিয়ে হামলাকারীদের ধাওয়া করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে কারওয়ান বাজার সংলগ্ন কাঁচামালের আড়ত এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পর দুর্বৃত্তদের সঙ্গে ব্যবসায়ীদের কয়েক দফা ধাওয়া–পাল্টা ধাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ঘটনার পর বিক্ষুব্ধ ব্যবসায়ীরা ‘চাঁদাবাজের আস্তানা ভেঙে দাও-গুড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের আস্তানা এই বাংলায় হবে না’সহ বিভিন্ন স্লোগান দেন।
ব্যবসায়ীরা অভিযোগ করেন, পুলিশ প্রশাসন এ ঘটনায় চাঁদাবাজদের পক্ষে নীরব ভূমিকা পালন করেছে। তাদের দাবি, নিয়মিত মাসোহারা পাওয়ার কারণেই হামলার পরও পুলিশ কার্যকর পদক্ষেপ নেয়নি।
কারওয়ান বাজারের এক ব্যবসায়ী বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করছিলাম। হঠাৎ আমাদের ওপর হামলা করা হয়। ঘটনাস্থলের পাশেই পুলিশ সদস্যরা ছিলেন, তবুও কীভাবে হামলা হলো তা জানতে চাই।”
এলাকার আরও কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, স্থানীয় চাঁদাবাজ আব্দুর রহমানের নেতৃত্বাধীন একটি বাহিনী এই হামলা চালিয়েছে। তারা শান্তিপূর্ণ কর্মসূচিকে ইচ্ছাকৃতভাবে সহিংস করে তোলে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন। লিখিত অভিযোগ বা এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলেও জানান তিনি।
















Leave a Reply