বাংলাদেশ ছাড়িয়ে ভারতে শোক: জলপাইগুড়িতেও কাঁদছে খালেদা জিয়ার স্মৃতি

ডেস্ক রিপোর্ট

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে শুধু বাংলাদেশেই নয়, সীমান্ত পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতেও। ঢাকা থেকে প্রায় ৪৩৪ কিলোমিটার দূরের এই শহরের মানুষ আজও আবেগভরে স্মরণ করছেন তাদের শহরে জন্ম নেওয়া এই রাজনৈতিক নেত্রীকে।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বুধবার (৩১ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানায়, জলপাইগুড়িতে এখনো খালেদা জিয়ার শৈশবের স্মৃতি উজ্জ্বল। তার মৃত্যু সেখানে জন্মভূমির মানুষের কাছেও এক অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচিত হচ্ছে।

১৯৪৫ সালে জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন বেগম খালেদা জিয়া। সে সময় অঞ্চলটি ছিল অবিভক্ত ভারতের অংশ। এখানেই তার প্রাথমিক শিক্ষার সূচনা হয়। পরবর্তীতে তার বাবা মোহাম্মদ ইস্কান্দার পরিবারসহ তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে যান।

স্থানীয় ইতিহাসবিদদের মতে, নয়াবস্তি এলাকার যোগমায়া প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন খালেদা জিয়া। এরপর সমাজপাড়া এলাকার সুনিতিবালা সদর গার্লস হাইস্কুলে ভর্তি হলেও পরিবারের দেশান্তরের কারণে তার শিক্ষাজীবন জলপাইগুড়িতে স্থায়ী হয়নি।

খালেদা জিয়ার জন্মস্থান হিসেবে পরিচিত নয়াবস্তির বাড়িটি এখনো অক্ষত রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে যাওয়ার আগে তার বাবা ওই বাড়িটি বিক্রি করে দেন। বর্তমানে সেখানে অন্য একটি পরিবার বসবাস করছে।

জলপাইগুড়ির বাসিন্দারা জানান, খালেদা জিয়া প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার খবর সে সময় শহরের অনেক মানুষের মধ্যেই আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছিল। তার মৃত্যুর খবরে সেই স্মৃতিগুলোই এখন ভারী হয়ে উঠেছে শোকের আবরণে।

এদিকে, খালেদা জিয়ার পড়াশোনা করা সুনিতিবালা স্কুল কর্তৃপক্ষ তার স্মরণে শোকসভা আয়োজনের উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশের রাজনীতির এক যুগান্তকারী অধ্যায়ের অবসানের সঙ্গে সঙ্গে জলপাইগুড়িতেও যেন হারিয়ে গেল তাদের শহরের এক পরিচিত নাম—বেগম খালেদা জিয়া।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com