গোপালগঞ্জে পাটের গুদামে অগ্নিকাণ্ড, ব্যবসায়ীদের পথে বসার শঙ্কা

ডেস্ক রিপোর্ট

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৬শ মণ পাট পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা বলে জানা গেছে।

শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক আড়াইটার দিকে মুকসুদপুর সদরের সরকারি টিএন্ডটি অফিসের সামনে সুনিল সাহার মালিকানাধীন একটি পাটের গুদামে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের ব্যবসায়ী নির্মল সাহা ও ইকরাম মিয়ার গুদামেও আগুন লাগে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সুনিল সাহার গুদামে থাকা প্রায় ১৮শ মণ পাট সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া নির্মল সাহার ৩শ মণ ও ইকরাম মিয়ার প্রায় ৫শ মণ পাট আগুনে ধ্বংস হয়েছে।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মেহেদি হাসান জানান, খবর পেয়ে রাতেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু হয়। মুকসুদপুর ও কাশিয়ানী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, এখনো আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সুনিল সাহা বলেন, তিনি রাত আটটার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি জানেন না। এ ঘটনায় তারা ব্যবসায়িকভাবে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com