হাসনাত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন জকসু’র বর্তমান ভিপি রিয়াজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পেয়েছেন জকসু’র জিএস আব্দুল আলীম আরিফ।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শাখা সদস্যদের উপস্থিতিতে এক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
কমিটি গঠন প্রক্রিয়া
শাখা সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়। ভোট প্রক্রিয়া শেষে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত মো. রিয়াজুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন প্রধান অতিথি। এরপর নবনির্বাচিত সভাপতির সাথে পরামর্শক্রমে আব্দুল আলীম আরিফকে সেক্রেটারি এবং অত্যন্ত মেধাবী ও বিভাগীয় টপার মো. ইব্রাহীম খলীলকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
নেতৃবৃন্দের প্রতিক্রিয়া
একই সাথে ছাত্র সংসদ (জকসু) এবং দলীয় গুরুদায়িত্ব পাওয়ার বিষয়ে মো. রিয়াজুল ইসলাম বলেন,
”ভিপি হিসেবে নির্বাচিত হওয়ার সময়ও আমি সভাপতির দায়িত্বে ছিলাম। তাই এই দায়িত্ব আমার জন্য নতুন নয়। তবে জকসু এবং সংগঠন—উভয় ক্ষেত্রেই এখন সমন্বিতভাবে কাজ করা আমাদের জন্য আরও সহজ হবে। একটি দক্ষ টিমের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেষ্ট থাকব।”
মেয়াদকাল
কমিটির মেয়াদ প্রসঙ্গে জানানো হয়, সাধারণত সেশন জানুয়ারি থেকে শুরু হলেও নির্বাচনকেন্দ্রিক ব্যস্ততার কারণে এবার কিছুটা বিলম্ব হয়েছে। তবে বর্তমান কমিটি ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারি অনুষ্ঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের বিপুল ভোটে রিয়াজুল ইসলাম ভিপি এবং আব্দুল আলীম আরিফ জিএস নির্বাচিত হন।
















Leave a Reply