ঢাকায় ‘কুয়াশার গান’ আউটডোর কনসার্ট: মানবিক উদ্দেশ্যে মঞ্চ মাতাবে চিরকুট, আভাস ও অ্যাশেজ

অনলাইন ডেস্ক

ঢাকায় আয়োজন করা হচ্ছে ‘কুয়াশার গান’ শিরোনামের একটি মানবিক ও দাতব্য আউটডোর কনসার্ট। আগামী ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই কনসার্টের আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং স্পিরিটস অব জুলাই

এই কনসার্টে পারফর্ম করবে জনপ্রিয় চারটি ব্যান্ড— কৃষ্ণপক্ষ, আভাস, চিরকুট ও অ্যাশেজ। আয়োজকদের দেওয়া সূচি অনুযায়ী,
সন্ধ্যা ৬টায় মঞ্চে উঠবে কৃষ্ণপক্ষ,
সন্ধ্যা ৭টায় পারফর্ম করবে আভাস,
রাত ৮টায় সংগীত পরিবেশন করবে চিরকুট,
এবং রাত ৯টা ৩০ মিনিট থেকে কনসার্টের শেষ পর্বে পারফর্ম করবে ব্যান্ড অ্যাশেজ। অ্যাশেজের পরিবেশনার মধ্য দিয়েই শেষ হবে পুরো আয়োজন।

আয়োজকেরা জানান, ‘কুয়াশার গান’ মূলত একটি চ্যারিটি কনসার্ট। শীতের তীব্রতায় ক্ষতিগ্রস্ত অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণের তহবিল সংগ্রহ করাই এই কনসার্টের প্রধান উদ্দেশ্য।

উল্লেখ্য, এর আগেও শীতার্ত মানুষের সহায়তায় ঢাকায় আয়োজন করা হয়েছে একাধিক সাংস্কৃতিক উদ্যোগ। গত ১১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে অনুষ্ঠিত হয় ‘সুরে বোনা সোয়েটার’ শিরোনামের আরেকটি দাতব্য কনসার্ট। ঢাকা ইউনিভার্সিটি ব্যান্ড সোসাইটি আয়োজিত ওই কনসার্টে আর্থিক অনুদানের পাশাপাশি সংগ্রহ করা হয় নতুন ও পুরোনো কাপড় ও কম্বল। সেখানে পারফর্ম করেন জয় শাহরিয়ার, লালন মাহমুদ, ডি-রকস্টার শুভ, সোহান আলীসহ আরও অনেকে।

সংগীতের মাধ্যমে মানবতার পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com