ইরানের বদলে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত—ট্রাম্পের দাবি, নীরব দিল্লি

ডেস্ক রিপোর্ট

ইরানের বদলে এখন থেকে ভারত ভেনেজুয়েলার তেল কিনবে—এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা ইতিমধ্যেই এই চুক্তি করেছি।”

তবে ট্রাম্পের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ভারত। দেশটির গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লি এখনও নীরব রয়েছে।

ভেনেজুয়েলার তেল কেনার প্রেক্ষিতে চলতি বছরের মার্চে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প।

এদিকে ট্রাম্প আরও দাবি করেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে স্ত্রীসহ অপহরণ করার পর দেশটির তেল খাতের নিয়ন্ত্রণ নিয়েছে যুক্তরাষ্ট্র।

বার্তাসংস্থা ব্লুমবার্গ জানায়, জানুয়ারি মাসে ভেনেজুয়েলা থেকে ১৮টি ট্যাংকার তেল যুক্তরাষ্ট্রের টেক্সাস, লুইজিয়ানা ও মিসিসিপির তেল পরিশোধনাগারে পাঠানো হয়েছে—যা গত বছরের ডিসেম্বরের তুলনায় সর্বোচ্চ।

বর্তমানে প্রতিদিন প্রায় ২ লাখ ৭৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে যাচ্ছে, যা এক মাসে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

মাদুরো অপহরণের আগে ভেনেজুয়েলা থেকে চীনে প্রতিদিন প্রায় ৪ লাখ ব্যারেল তেল রপ্তানি হতো। তবে জানুয়ারিতে তা শূন্যে নেমে আসে।

এদিকে মাদুরো অপহরণের পর প্রথমবারের মতো ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে ফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দেশের সম্পর্ক ‘নতুন উচ্চতায়’ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com