অনলাইন ডেস্ক
সোনার বাজারে অস্থিরতা যেন কিছুতেই কাটছে না।
আন্তর্জাতিক বাজারের বড় ওঠানামার প্রভাব পড়ছে দেশের বাজারেও।
এমন পরিস্থিতির মধ্যেই ফের সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি—বাজুস।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।
ফলে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নেমে এসেছে ভরিতে ২ লাখ ৫১ হাজার টাকায়।
সোমবার বেলা পৌনে ১১টার দিকে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই দাম ওই সময় থেকেই কার্যকর হয়েছে।
বাজুস জানায়, তেজাবি বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছে।
দাম কমার কারণ ব্যাখ্যা করে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানান,
গতকাল আন্তর্জাতিক বাজার বন্ধ থাকলেও দেশের বাজার খোলা ছিল এবং চাহিদা কম থাকায় রাতে দাম কমানো হয়।
তিনি আরও বলেন,
আজ আন্তর্জাতিক বাজার চালু হওয়ার সঙ্গে সঙ্গে প্রতি আউন্সে প্রায় ২০০ ডলার দরপতন হয়েছে।
পরিবর্তিত বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে বৈঠক করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববাজারে সোমবার প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ৬৫১ ডলারে।
যা শনিবার ছিল ৪ হাজার ৮৯৩ ডলার এবং তার আগের দিনগুলোতে ছিল আরও বেশি।
সোমবার থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও কমানো হয়েছে।
তবে সোনার দাম কমলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।
















Leave a Reply