ডেস্ক রিপোর্ট
মা মানেই এক পরম নির্ভরতা, এক গভীর আবেগ। সেই প্রিয় মানুষটি পাশে নেই আজ দেড় বছর। কিন্তু টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত-র প্রতিটি অনুভূতিতে আজও বেঁচে আছেন তার মা।
দীর্ঘদিন কিডনির জটিলতায় ভোগার পর শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান অভিনেত্রীর মা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনেও রাখা হয়েছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও তাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয়নি। মায়ের সেই চলে যাওয়া ঋতুপর্ণার জীবনে তৈরি করেছে গভীর শূন্যতা।
মায়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরনো সন্ধ্যার ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দেন এই তারকা। তিনি লেখেন, “শুভ জন্মদিন মা। তোমার আশীর্বাদ আর স্মৃতিগুলো আমি মনের গভীরে যত্ন করে রেখেছি। তোমায় খুব মিস করি মা। আজকের এই দিনে তুমি যেখানেই থাকো, তোমার প্রিয় জিনিসগুলো নিয়েই থেকো, উদযাপন করো।”
মায়ের অসুস্থতার সময়টাকে জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় হিসেবে উল্লেখ করে ঋতুপর্ণা জানান, রক্তচাপ কমে যাওয়া থেকে শুরু করে হাসপাতালের প্রতিটি মুহূর্ত তার জন্য ছিল ভীষণ কষ্টের। সেই স্মৃতিগুলো আজও তাকে তাড়িয়ে বেড়ায়।
আরও এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, “তুমি চলে যাওয়ার পর থেকে এই শূন্যতা যেন প্রতিদিন আরও বাড়ছে। প্রতিটি মুহূর্তে তোমাকে ছাড়া জীবন কল্পনা করাও আমার জন্য অসম্ভব। তোমাকে অনেক ভালোবাসি মা, ভীষণ ভালোবাসি।”
উল্লেখ্য, পর্দার ব্যস্ততার মাঝেও পরিবারঘনিষ্ঠ মানুষ হিসেবে পরিচিত ঋতুপর্ণা। বিশেষ করে মায়ের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা সামাজিক মাধ্যমে ভক্তদেরও আবেগাপ্লুত করেছে।
















Leave a Reply