রাজশাহীতে ছুরিকাঘাতে যুবক নিহত, হত্যাকারী পালিয়েছে

ডেস্ক রিপোর্ট

রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে মো. সাব্বির (২১) নামের এক যুবক নিহত হয়েছেন। ঘটনা ঘটে বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শাহ মখদুম থানার পবা রাইসমিল পাড়ায়। সাব্বির নগরীর পবা রাইসামিলপাড়ার মো. শাহিন ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার আমিরুল ইসলামের ছেলে মো. জাসনের (২৫) দূর সম্পর্কের ভাগিনা সাব্বিরকে বুকে ও পেটে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই সাব্বির অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেন, “সাব্বিরকে আমরা দুপুর ২টা ৫ মিনিটে মৃত অবস্থায় পেয়েছি। বুকের মাঝখানে ক্ষত রয়েছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।”

নিহতের খালা মোসা. তামান্না বলেন, “জাসনের পরিবারের সঙ্গে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। গত দুই দিন ধরে দুই পরিবারের মধ্যে ঝগড়া চলছিল। আজ দুপুরে নামাজের সময় সাব্বির মসজিদে যাচ্ছিল। সেই সময় জাসন টিনের ওপর থেকে লাফ দিয়ে নেমে সাব্বিরের বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”

শাহ মখদুম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানিয়েছেন, হত্যাকারী পালিয়ে গেছে। তাকে ধরার চেষ্টা চলছে। ঘটনাস্থল এবং নিহতের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com