ডেস্ক রিপোর্ট:
বিশ্বজুড়ে মুসলিম ধর্মাবলম্বীরা পবিত্র রমজান পালন করছেন, এবং ক্রীড়াঙ্গনও এর বাইরে নেই। বিশেষ করে ইউরোপের ক্লাবগুলোতে খেলা মুসলিম ফুটবলাররা ব্যস্ত সূচির মধ্যে তাদের ধর্মীয় বিধান মেনে চলছেন। সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি–তে চার মুসলিম খেলোয়াড়ের জন্য ক্লাবের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে রমজানের সময় খেলার মাঝে ইফতারের জন্য আলাদা বিরতি দেওয়ার নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী, শনিবার (২৮ ফেব্রুয়ারি) লিডস ইউনাইটেড ও ম্যানসিটির ম্যাচে খেলোয়াড়রা রমজানের বিধি মানবেন। ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৫টায়, যা সূর্যাস্তের ১১ মিনিট আগে শেষ হবে।
ম্যানসিটির মুসলিম ফুটবলাররা হলেন – মিশরের ফরোয়ার্ড ওমর মারমুশ, ফরাসি মিডফিল্ডার রায়ান চেরকি, আলজেরিয়ার লেফট-ব্যাক রায়ান আইত-নুরি এবং উজবেকিস্তানের ডিফেন্সিভ মিডফিল্ডার আবদুকোদির খুসানোভ। কোচ পেপ গার্দিওলা বলেন, “তারা দীর্ঘদিন ধরে রমজানে খেলছে, আমাদের পুষ্টিবিদরা তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে থাকে।”
ম্যানসিটির ইতিহাসে বহু মুসলিম খেলোয়াড়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এর মধ্যে ইলকাই গুনদোয়ান, রিয়াদ মাহরেজ ও ইয়ায়া তৌরের নাম উল্লেখযোগ্য। ক্লাবের ট্রেনিং কিট ও খাবারের ক্ষেত্রে ইসলামি সচেতনতার বিষয়গুলোও বিবেচনা করা হয়।
মুসলিম চ্যাপলেইনস ইন স্পোর্ট (এমসিএস) খেলোয়াড় ও স্টাফদের ধর্মীয় সচেতনতা ও হালাল খাদ্য বিষয়ে কাজ করছে। প্রতিষ্ঠাতা ইমাম ইসমাইল ভামজি বলেন, “আমরা খেলোয়াড়দের ধর্মীয় দায়িত্ব ও পেশাদার খেলোয়াড় হিসেবে পারফরম্যান্সের মধ্যে সামঞ্জস্য রাখতে সহায়তা করি।”
















Leave a Reply