লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান প্লাসের ইফতার মাহফিল ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি

লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ওয়ান প্লাসের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এক ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও, ইফতার শেষে বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত দরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ১৩০ নম্বর কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ, কেন্দ্রীয় অতিথি ও আমন্ত্রিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি তাকওয়া জাকির। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবসেবার শিক্ষা দেয়। লিও ক্লাব সবসময় মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত হওয়া তাদের ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রমজানের চেতনা ধারণ করে মানবকল্যাণে কাজ করার মাধ্যমে একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।” এছাড়া, তিনি লিও ক্লাবের বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন ক্লাবের সহসভাপতি আতাউল্লাহ আল মাহমুদ। এসময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধ চর্চার মধ্য দিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com