ডেস্ক রিপোর্ট
জ্বালানি তেলের কৃত্রিম সংকট ও মূল্য বৃদ্ধির গুজব রোধে রংপুরে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার (৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মওলার নেতৃত্বে নগরীর প্রায় ১০টি ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তেলের পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও বিক্রি না করা এবং তেল বিক্রির যন্ত্র বন্ধ রাখার অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফিলিং স্টেশনগুলোর জ্বালানি তেলের মজুদ, সরবরাহ ব্যবস্থা ও বিক্রির কার্যক্রম তদারকি করা হয়। পাশাপাশি ক্রেতাদেরও সচেতন করা হয়।
এদিকে সকাল থেকেই নগরীর বিভিন্ন তেল পাম্পে মোটরসাইকেল, বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাস চালকদের তেল নেওয়ার জন্য অপেক্ষা করতে দেখা যায়। কোথাও কোথাও মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেছে। অনেক গ্রাহক লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করেন।
কয়েকজন মোটরসাইকেল ও প্রাইভেটকার চালক জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ায় জ্বালানি তেলের সংকট দেখা দিতে পারে—এমন গুজব ছড়িয়ে পড়েছে। সামনে ঈদকে ঘিরে সংকট বাড়তে পারে এমন আশঙ্কায় অনেকেই আগাম তেল মজুদ করার চেষ্টা করছেন। যদিও তেল পাম্পগুলোতে সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত তেল বিক্রি করা হচ্ছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কারিমুল মওলা বলেন, সরকার জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দিয়েছে। পাম্পগুলোতে পর্যাপ্ত তেল মজুদ ও সরবরাহ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যবসায়ী গুজব ছড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। তিনি আরও বলেন, দেশে এখন পর্যন্ত জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং পাম্পগুলোতে পর্যাপ্ত তেল সরবরাহ রয়েছে।
















Leave a Reply