দূর্ণীতির সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে গুম করার হুমকি এলজিইডি কর্মকর্তার, থানায় জিডি

ঢাকা

এসএটিভির রিপোর্টার হাসান আল সাকিবকে গুম ও হত্যা করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় নিজের নিরাপত্তা শঙ্কায় মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক সাকিব।

রোববার (৮ মার্চ) বিকেলে রাজধানীর মিরপুর মডেল থানায় জিডিটি করেন ভুক্তভোগী সাংবাদিক।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ ফেব্রুয়ারি এসএটিভির রিপোর্টার হাসান আল সাকিবের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি কল দেন ঢাকা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া। পরে তার এক ঘনিষ্ঠ ব্যক্তি, সাবেক এলজিইডি কর্মকর্তা মোস্তফা নিজেকে বাচ্চু মিয়ার বড় ভাই পরিচয় দিয়ে গত দুই দিন ধরে বারবার হোয়াটসঅ্যাপে কল করেন। এ সময় তিনি সমঝোতার প্রস্তাব দেন এবং তা না মানলে গুম করে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

সাংবাদিক সাকিব জানান, সম্প্রতি ঢাকা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎ এবং ঠিকাদারদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রচার করে এসএটিভি। এসব প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে, যা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

এদিকে অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এলজিইডির নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া সহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছে। এঘটনায় চলতি বছরের গত ১১ জানুয়ারি বাচ্চু মিয়াকে তার পদ থেকে বদলি করা হয়। তবে জাতীয় সংসদ নির্বাচনের পর এক মাস না যেতেই সেই বদলি আদেশ বাতিল করে আবারও তাকে ঢাকা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী পদে পুনর্বহাল করা হয়।

ভুক্তভোগী সাংবাদিক হাসান আল সাকিব বলেন, “আমার কাছে হুমকির সব ধরনের প্রমাণ রয়েছে। নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ মিরপুর মডেল থানায় জিডি করেছি। একজন সাংবাদিক হিসেবে সত্য প্রকাশ করা আমার দায়িত্ব। হুমকি দিয়ে আমাকে থামানো যাবে না।”

বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার উপ পরিদর্শক মো: মাহামুদুন্নবী। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গণমাধ্যমকর্মীরা হুমকির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com