ডেস্ক রিপোর্ট:
রাজধানীর তেজগাঁও এলাকায় মানব কঙ্কাল সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে Dhaka Metropolitan Police।
অভিযানে বিভিন্ন ব্যাগ ও বস্তায় রাখা ৪৭টি মাথার খুলিসহ মানবদেহের বিভিন্ন অঙ্গের হাড় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার Mohammad Ibne Mizan।
গ্রেপ্তাররা হলেন— কাজী জহরুল ইসলাম ওরফে সৌমিক, মো. আবুল কালাম, আসাদুল মুন্সী ওরফে জসিম ওরফে এরশাদ এবং মো. ফয়সাল আহম্মেদ।
পুলিশ জানায়, গত ৯ মার্চ রাতে বিশেষ অভিযানের সময় মনিপুরী পাড়ায় সন্দেহজনক আচরণের কারণে এক ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করা হলে জিজ্ঞাসাবাদে একটি বড় সিন্ডিকেটের তথ্য পাওয়া যায়।
পরে অভিযানে তেজগাঁও কলেজের সামনে থেকে আরও দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকেও দুটি কঙ্কাল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে উত্তরা পশ্চিম থানার একটি স্থানে আরও কঙ্কাল মজুদ রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি কক্ষ থেকে ছড়িয়ে-ছিটিয়ে রাখা অবস্থায় ৪৪টি কঙ্কাল উদ্ধার করা হয়।
সব মিলিয়ে ৪৭টি মানব কঙ্কাল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, এই চক্রটি কবরস্থান থেকে লাশ উত্তোলন করে কঙ্কাল সংগ্রহ করত। পরে রাসায়নিক প্রক্রিয়ায় তা পরিষ্কার করে বিক্রির জন্য প্রস্তুত করা হতো।
তারা সাধারণত ৬ থেকে ৮ হাজার টাকায় কঙ্কাল কিনে ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করত। তাদের প্রধান ক্রেতা ছিলেন মেডিকেল শিক্ষার্থীরা।
পুলিশ আরও জানায়, এই চক্রটি গাজীপুর, ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর অঞ্চলে সক্রিয় ছিল।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
















Leave a Reply