জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদদীন জানিয়েছেন, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়েই তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে চান। তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এগিয়ে যেতে হবে।
রবিবার (২৯ মার্চ) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন।
উপাচার্য উল্লেখ করেন, একটি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যমকর্মীদের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। শুধুমাত্র প্রশাসনের একক উদ্যোগে উন্নয়ন সম্ভব নয়, বরং সংশ্লিষ্ট সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো তুলে ধরা এবং সমস্যা ও সম্ভাবনা নিয়ে গঠনমূলক সমালোচনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি নিজেকে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে উল্লেখ করে বলেন, উপাচার্য হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।
এসময় তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানান এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে গণমাধ্যমের সহায়তা কামনা করেন।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক ও উন্নত জগন্নাথ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা সম্ভব হবে।
সাক্ষাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি মো. মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ইউছুব ওসমানসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
















Leave a Reply