অনলাইন ডেস্ক
নাটোরের বড়াইগ্রামে দড়ি-বাঁশ বেয়ে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা আর নেই
নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামের ১২০ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সোমবার সকাল ৯টায় বড়দেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
জানা যায়, প্রায় ২২ বছর আগে এক দুর্ঘটনায় তিনি দৃষ্টিশক্তি হারান। এরপরও থেমে যাননি তিনি। ছয় বছর পর বড় ছেলেকে সঙ্গে নিয়ে পবিত্র হজ পালন করেন। দেশে ফিরে নিজ গ্রামে ৫ শতাংশ জমির ওপর একটি পাকা মসজিদ নির্মাণ করেন এবং সেটি মসজিদের নামে রেজিস্ট্রি করে দেন।
এরপর তিনি নিজেই সেই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। তবে দৃষ্টিহীনতার কারণে মসজিদে যাতায়াতে সমস্যা দেখা দিলে তার সন্তানেরা বাড়ি থেকে মসজিদ পর্যন্ত দড়ি ও বাঁশের ব্যবস্থা করে দেন।
অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবলের জোরে তিনি সেই দড়ি ও বাঁশ ধরে নিয়মিত মসজিদে যাতায়াত করতেন। প্রয়োজনে একটি লাঠির সহায়তাও নিতেন। কয়েকদিন অনুশীলনের পর তিনি সম্পূর্ণ নিজেই পথ চলতে সক্ষম হন।
জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই দায়িত্ব পালন করে গেছেন এই অনন্য সংগ্রামী মানুষটি।
















Leave a Reply