ফেসবুক পেজ ফিরে পেলেন ভাইরাল তাজু

অনলাইন ডেস্ক

জিলাপি বিক্রির ভাইরাল কনটেন্ট নির্মাতা তাজুর ফেসবুক পেজ ফিরে পেলেন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি’ কনটেন্ট তৈরি করে রাতারাতি ভাইরাল হওয়া তাইজুল ইসলাম তাজু তার ফেসবুক পেজ ‘তাজু ভাই ২.০’ আবারও ফিরে পেয়েছেন। নিখোঁজ হওয়ার একদিন পরই পেজটি পুনরুদ্ধার হয়। বর্তমানে পেজটির ফলোয়ার সংখ্যা প্রায় ১০ লাখ।

সোমবার (৬ এপ্রিল) সকাল থেকে পেজটি আবার দৃশ্যমান হয়েছে বলে জানিয়েছেন নাগেশ্বরী উপজেলার নারায়নপুর ইউনিয়ন পরিষদের সদস্য কবিরুল ইসলাম। এর আগে রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকেই পেজটি ফেসবুক থেকে হঠাৎ উধাও হয়ে যায়।

তাজু একই ইউনিয়নের সরকারপাড়া চর গ্রামের বাসিন্দা। সিরাজ-তাহেরা দম্পতির বড় ছেলে তিনি। পেশায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে ঢাকার বিভিন্ন এলাকায় কাজ করতেন।

মাত্র ১০ হাজারের কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ হঠাৎ ভাইরাল হন তাজু। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে স্থানীয় একটি বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরুতে ট্রলের শিকার হলেও পরে তা ব্যাপক প্রশংসা পায়।

প্রত্যন্ত চরাঞ্চল থেকে সাধারণ মানুষের সমস্যা তুলে ধরে তৈরি করা তার বিভিন্ন কনটেন্ট ব্যাপক সাড়া ফেলে। অল্প সময়েই তার পেজের ফলোয়ার সংখ্যা এক মিলিয়ন ছাড়িয়ে যায়।

হঠাৎ করে রোববার পেজটি অদৃশ্য হয়ে যাওয়ায় নেটিজেনদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। অনেকে ধারণা করেছিলেন, পেজটি হ্যাক হয়েছে বা কোনো কারণে সরিয়ে নেওয়া হয়েছে। তবে একদিনের মধ্যেই পেজটি ফিরে আসায় সেই শঙ্কা কেটে গেছে।

তাইজুল ইসলাম তাজু বলেন, আল্লাহর রহমতে আমার ফেসবুক পেজটি ফিরে পেয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com