উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়া দায়িত্বজ্ঞানহীন: জাবি ছাত্রদল

জাবি প্রতিনিধি,

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাম্প্রতিক ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করার ঘটনাকে ‘সত্যের অপলাপ’ ও ‘দায়িত্বজ্ঞানহীন বক্তব্য’ বলে উল্লেখ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।

শনিবার (১৭ই মে) বার্তা প্রেরক হিসেবে দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তরের নাম উল্লেখ করে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রতিবাদ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় ছাত্রদল গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে সকল যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সংগঠনটি জানায়, এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করা জরুরি।

ছাত্রদলের দাবি, :সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে পরিচালিত আন্দোলনের একপর্যায়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও নিন্দনীয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্মুখসারির একজন সংগ্রামী ব্যক্তিত্ব হিসেবে ভূমিকা পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ে সংঘটিত অনিয়ম, নির্যাতন, দমন-পীড়ন ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে তিনি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।

এছাড়া সাম্প্রতিক ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও বিবৃতিতে দাবি করা হয়। এ অবস্থায় বিচার নিশ্চিত করার পরিবর্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়াকে দায়িত্বজ্ঞানহীন বলে উল্লেখ করে ছাত্রদল।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বিবৃতিতে এ ধরনের “বিভ্রান্তিকর, কুরুচিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের” তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

একই সঙ্গে তারা সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবেদনশীল এ ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি, ব্যক্তিগত আক্রমণ ও রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর পরিবর্তে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করা উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার সত্য, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com