জকসুর ফ্রি মেডিকেল ক্যাম্প, আড়াই হাজারের বেশি শিক্ষার্থীর সেবা গ্রহণ 

হাসনাত, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৭ মে) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হওয়া বিনামূল্যের এই চিকিৎসা সেবা বিকেল ৪টা পর্যন্ত চলে। এতে ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা  ১০টি ফ্রি মেডিকেল টেস্টসহ মোট ১১ ধরনের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক‍্যাম্পের শুরু থেকেই  শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এতে আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থী এই সেবা গ্রহণ করেছেন বলে জানা যায়।

আয়োজকরা জানান, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ঢাকা সিটি সাউথ শাখার সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে মানসম্মত চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ প্রদানই এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।

চিকিৎসা নিতে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ আদনান বলেন, জকসুর এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প সত্যিই প্রশংসনীয় একটি উদ্যোগ। সাধারণ শিক্ষার্থীদের কথা চিন্তা করে একসঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক, প্রয়োজনীয় টেস্ট ও বেসিক মেডিসিনের ব্যবস্থা করা হয়েছে, যা অনেকের জন্য খুবই উপকারী। বিশেষ করে আর্থিক সীমাবদ্ধতার কারণে যারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারে না, তারা এখান থেকে সরাসরি উপকৃত হচ্ছেন। আমি মনে করি, শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া উচিত।

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ বলেন, শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, প্রাথমিক স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। অভিজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে সেবা দিয়েছে। এটি দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বৃহৎ মেডিক্যাল ক্যাম্প।

এ বিষয়ে জকসুর সাধারণ সম্পাদক (জিএস) আবদুল আলীম আরিফ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে জকসুর আয়োজনে এবারই প্রথম এত বড় পরিসরে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

তিনি আরও জানান, ‘ক্যাম্পে মোট ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক ১২টি বুথে শিক্ষার্থীদের চিকিৎসাসেবা দিয়েছেন। মেডিসিন, জেনারেল সার্জারি, গাইনি, চর্মরোগ, ইএনটি, অর্থোপেডিক্স, চক্ষু ও হৃদরোগসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা শিক্ষার্থীদের ব্যবস্থাপত্র প্রদান করছেন। পাশাপাশি প্রয়োজনীয় বেসিক মেডিসিন ও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাও সম্পূর্ণ বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।

জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, অনেক শিক্ষার্থী আর্থিক সীমাবদ্ধতার কারণে সময়মতো ভালো চিকিৎসা নিতে পারেন না। সেই বাস্তবতা বিবেচনায় রেখেই আমরা এই মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করেছি। এখানে এক ছাদের নিচে শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পাচ্ছেন, যা তাদের স্বাস্থ্যগত দুশ্চিন্তা অনেকটাই কমাবে।

জানা যায়, আজকের এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে সেবা নিতে আসা শিক্ষার্থীরা Hb%, RBS, HbA1c, TSH, Vit-D, CRP, Troponin-I, Urine Strip Test, ECG ও USG সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মেডিকেল পরীক্ষা বিনামূল্যে করতে পেয়েছেন এবং ফিজিওথেরাপি সেবার ব্যবস্থাও ছিলো। এ ছাড়া কর্মসূচিতে মেডিসিন, অর্থোপেডিকস, জেনারেল সার্জারি, চক্ষু, গাইনি ও প্রসূতি, মানসিক রোগ, চর্মরোগ, হৃদরোগ, নাক-কান-গলা (ইএনটি), বক্ষব্যাধি ও ডেন্টাল বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com