জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালনকালে কর্তব্যরত সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, গালাগালি, মারমুখী আচরণ এবং সংবাদ প্রকাশের জেরে মাইকে ঘোষণা দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মব সৃষ্টির অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১৯ই মে) সংগঠনটির শাখা সভাপতি মো. মোস্তাফিজুর রহমান এবং সেক্রেটারি মো. মাজহারুল ইসলামের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “ক্যাম্পাসে স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ও সুস্থ পরিবেশের জন্য অপরিহার্য। সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন কিংবা উসকানিমূলক বক্তব্য দিয়ে মব সৃষ্টির চেষ্টা চালানো স্বাধীন সাংবাদিকতার নীতিমালার সম্পূর্ণ পরিপন্থি এবং অত্যন্ত উদ্বেগজনক।”
তারা আরও বলেন, “সাংবাদিকরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি, অনিয়ম-অসঙ্গতি এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকারের কথা তুলে ধরতে প্রতিনিয়ত দায়িত্ব পালন করে যাচ্ছেন। কর্তব্যরত অবস্থায় গণমাধ্যমকর্মীদের লাঞ্ছিত করার অপচেষ্টা এবং ক্যারিয়ার ধ্বংসের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো ধরনের ট্যাগিং বা ভীতিকর পরিস্থিতি তৈরি করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা যাবে না।”
বিবৃতিতে নেতৃবৃন্দ অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে ক্যাম্পাসে কর্মরত সকল সাংবাদিকের পেশাগত নিরাপত্তা ও স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বার্তা প্রেরণ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক ফেরদৌস আল হাসান।
















Leave a Reply