ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক বিএনপি নেতা

অনলাইন ডেস্ক

গাইবান্ধার ফুলছড়িতে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক হয়েছেন স্থানীয় বিএনপির এক ওয়ার্ড পর্যায়ের নেতা। আটককৃত ব্যক্তির নামে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাত ৯টার দিকে উপজেলার গুনভরি এলাকায় অভিযান চালিয়ে ফুলছড়ি থানা পুলিশ তাকে আটক করে।

আটককৃত ফিরোজ কবির উড়িয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানের সময় ইয়াবা বিক্রিরত অবস্থায় ফিরোজকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, আটকের সময় ফিরোজের কাছ থেকে ৯টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরদিন আদালতে পাঠানো হবে। এ ছাড়া তার নামে আরও দুটি মাদক মামলা বিদ্যমান রয়েছে বলেও নিশ্চিত করেন ওসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com