রংপুরে বিএনপির প্রবীণ নেতাদের মতবিনিময়, সাংগঠনিক শক্তি বাড়ানোর আহ্বান

অনলাইন ডেস্ক

আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে মাঠে থাকার অঙ্গীকার করেছেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি ও দলের প্রবীণ নেতারা।

রবিবার (২৪ মে) দুপুরে রংপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘আমরা জিয়ার সৈনিক’ প্লাটফর্মের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা ও সভায় এ অঙ্গীকার ব্যক্ত করা হয়।

রংপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন এবং জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, রংপুরের ছয়টি সংসদীয় আসনসহ সিটি করপোরেশন, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নবীন ও প্রবীণ নেতাকর্মীদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।

তারা অভিযোগ করেন, দলীয় প্রবীণ ও ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন না করায় অতীতে সাংগঠনিক দুর্বলতা তৈরি হয়েছে, যার সুযোগ নিয়ে জামায়াত-সমর্থিত প্রার্থীরা রংপুরের কয়েকটি আসনে জয় পেয়েছেন।

বক্তারা বলেন, বয়সের কারণে প্রবীণ নেতারা রাজপথের আন্দোলন-সংগ্রামে আগের মতো সরাসরি অংশ নিতে না পারলেও দলকে সংগঠিত রাখা এবং নতুন প্রজন্মকে রাজনৈতিকভাবে প্রস্তুত করতে তারা সবসময় কাজ করে গেছেন।

তাদের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগানো গেলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আরো শক্তিশালী অবস্থান তৈরি করতে পারবে।
নেতারা আরো বলেন, বিএনপির তৃণমূলকে আরো সক্রিয় ও সুসংগঠিত করতে প্রবীণ নেতাদের সম্পৃক্ততা বাড়ানোর বিকল্প নেই। আগামী দিনে দলীয় ঐক্য অটুট রেখে রংপুরে বিএনপির সাংগঠনিক ভিত্তি আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম বলেন, বর্তমানে আমাদেরকে গুপ্ত ও ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে।

তারা নানা ষড়যন্ত্র ও মিথ্যাচারের মাধ্যমে বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। নবীন ও প্রবীণের সম্মিলিত শক্তির মাধ্যমে আমরা একটি সুন্দর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চাই।
রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন বলেন, ‘আমরা জিয়ার সৈনিক’ প্লাটফর্মের সদস্যরা সবাই বিএনপির নিবেদিত ও পরীক্ষিত নেতাকর্মী। তারা আবারও সক্রিয়ভাবে দলের কর্মকাণ্ডে যুক্ত হতে চান।

আমি মনে করি, তাদের অভিজ্ঞতা দলকে আরো সমৃদ্ধ করবে এবং সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হবে।
সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট রেজেকা সুলতানা ফেন্সি বলেন, রংপুর দীর্ঘদিন উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে। অতীতে অনেক জনপ্রতিনিধি জনগণের পাশে ছিলেন না। এ সুযোগে জামায়াত কৌশলে রংপুরের কয়েকটি আসনে বিজয়ী হয়েছে। কিন্তু জনগণ এখন বুঝতে পেরেছে, এদের দিয়ে জেলার উন্নয়ন সম্ভব নয়। বিএনপি জনগণের দল। আমাকে রংপুরের দায়িত্ব দেওয়া হয়েছে এবং আমি সকলকে সঙ্গে নিয়ে রংপুরের উন্নয়নে কাজ করে যাব।

‘আমরা জিয়ার সৈনিক’ প্লাটফর্মের সদস্য জাহাঙ্গীর আলম ও সোনাউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএনপির প্রবীণ নেতা রেজাউল আলম রেজা, আহসানুল কবীর, মোজাহারুল ইসলাম, মাহফুজার রহমান, সেলিম চৌধুরী, একরামুল হক সরকার, শহিদুল আখতার, এরশাদ হোসেন, মোকলেছুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com