মোঃ ইব্রাহিম সরকার, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মোগলহাট স্থলবন্দরটি পুনরায় সচল করার লক্ষ্যে প্রাথমিক পরিদর্শন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২টার দিকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মানজারুল মান্নান বন্দর এলাকাটি সরেজমিনে পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিশেষ নির্দেশনায় এই পরিদর্শনের আয়োজন করা হয়।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, মোগলহাট একটি ঐতিহাসিক বন্দর। একসময় এই পথ দিয়ে দুই দেশের মানুষের যাতায়াত ও ব্যাপক বাণিজ্যিক কার্যক্রম চলত। মাননীয় মন্ত্রী এটি পুনরায় চালু করার গভীর ইচ্ছা পোষণ করেছেন এবং সরকারও এ বিষয়ে অত্যন্ত ইতিবাচক। মূলত এখানকার বর্তমান পরিস্থিতি ও ভৌগোলিক অবস্থান যাচাই করতেই আজ আমার এই প্রাথমিক সফর।”
তিনি আরও জানান, এই পরিদর্শনের ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে একটি বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়া হবে। সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ও সবুজ সংকেত মিললে বন্দরটিকে পুরোদমে কার্যকর করতে বহুমাত্রিক পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি পরবর্তী করণীয় নির্ধারণে স্থানীয় অংশীজনদের (স্টেকহোল্ডার) সাথেও আলোচনা করা হবে।
সংশ্লিষ্ট ও স্থানীয় মহলের মতে, ঐতিহাসিক এই বন্দরটি পুনরায় চালু হলে ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য যেমন বৃদ্ধি পাবে, তেমনি স্থবির হয়ে পড়া স্থানীয় অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হবে। এর ফলে পুরো অঞ্চলে সৃষ্টি হবে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— লালমনিরহাটের জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদ প্রশাসক এ.কে.এম মমিনুল হক, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
















Leave a Reply