জাবি প্রতিনিধি,
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) পদে নিয়োগ প্রদান করেছেন সরকার।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়– মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩-এর ধারা ১৩ (১) অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে।
নিয়োগের শর্তাবলি অনুযায়ী— উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসরের নির্ধারিত সময় পর্যন্ত, যেটি আগে হবে।
তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা ভোগ করবেন। প্রচলিত বিধি অনুযায়ী সংশ্লিষ্ট পদের অন্যান্য সুবিধাও প্রাপ্য হবেন এবং তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন।
বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী এবং ভাইস-চ্যান্সেলরের প্রদত্ত ক্ষমতা অনুসারে দায়িত্ব পালন করবেন। এছাড়াও, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনবোধে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়– জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল ইসলাম বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।
তাঁর প্রশাসনিক ও একাডেমিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছেন।
















Leave a Reply