সিলেট টাইটান্সকে প্রথম শিরোপা এনে দিতে চান মিরাজ

অনলাইন ডেস্ক

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের অধিনায়কত্ব করবেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগে বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের ব্যাটিং পজিশন ও দলের লক্ষ্য নিয়ে কথা বলেন তিনি।

ব্যাটিং পজিশন প্রসঙ্গে মিরাজ বলেন, এখনো নির্দিষ্ট কোনো জায়গা চূড়ান্ত হয়নি। দলের প্রয়োজনে যেখানেই খেলতে বলা হবে, সেখানেই খেলতে প্রস্তুত তিনি। মিরাজ বলেন,
‘দলের প্রয়োজনে যেখানে আমার খেলা উচিত, আমি সেখানেই খেলার চেষ্টা করব। গত বছর শুরুতে টপ অর্ডারে খেলিনি। প্রথম দিকে দলের কম্বিনেশন বুঝে দেখেছি। পরে উপরের দিকে ঘাটতি থাকায় ওপরে ব্যাটিং করেছি।’

তিনি আরও বলেন,
‘এবারও এমনটা হতে পারে। যে জায়গাটাতে আমি নিজেকে মানিয়ে নিতে পারব, সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। সেই অনুযায়ীই চেষ্টা করব।’

সিলেট টাইটান্সের শিরোপা জয়ের স্বপ্ন নিয়েও কথা বলেন অধিনায়ক মিরাজ। তিনি জানান, চ্যাম্পিয়ন হওয়া এখনো অনেক দূরের বিষয়।
‘চ্যাম্পিয়নশিপ অনেক দূরের ব্যাপার। আগে অন্তত ১০টি ম্যাচ খেলতে হবে। এরপর টপ র‍্যাঙ্কিংয়ে থাকতে হবে, তারপর সেমিফাইনাল ও ফাইনাল—সবই ধাপে ধাপে,’ বলেন তিনি।

তবে স্বপ্ন দেখতেও পিছপা নন মিরাজ। তার ভাষায়,
‘প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার। আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার। সিলেট এখনো কখনো চ্যাম্পিয়ন হয়নি। যদি প্রথমবার সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা আমার হাত ধরেই হয়, তাহলে সেটা অবশ্যই আমার জন্য অনেক ভালো লাগার বিষয় হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com