অভিমান ভেঙে নোয়াখালী শিবিরে ফিরলেন সুজন-তালহা

অনলাইন ডেস্ক

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হতে আর ২৪ ঘণ্টারও কম সময় বাকি। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে একের পর এক নাটকীয় ঘটনায় সরগরম হয়ে উঠেছে বিপিএল অঙ্গন।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা পরিবর্তনের খবর আলোচনায় আসার পর দুপুরের মধ্যেই নোয়াখালী এক্সপ্রেসের নাম শিরোনামে উঠে আসে।

নানা অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলের অনুশীলন ছেড়ে চলে যান কোচ খালেদ মাহমুদ সুজন ও সহকারী কোচ তালহা জুবায়ের। এতে দলের প্রস্তুতি নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই নাটকের অবসান ঘটে। প্রায় তিন ঘণ্টা পর অভিমান ভেঙে আবারও নোয়াখালী শিবিরে ফেরেন সুজন ও তালহা। বিকেলে দলের মালিকের সঙ্গে অনুশীলনে যোগ দেন তারা। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খালেদ মাহমুদ সুজন জানান, মুহূর্তের উত্তেজনায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

টুর্নামেন্ট শুরুর এক দিন আগে নিজেদের অধিনায়কের নামও ঘোষণা করেছে নোয়াখালী এক্সপ্রেস। এবারের বিপিএলে দলটির নেতৃত্ব দেবেন সৈকত আলী।

সৈকত আলী প্রথমবারের মতো বিপিএলে অংশ নিচ্ছে। অধিনায়ক হিসেবে তার অভিজ্ঞতা থাকলেও আগে কোনো দলের নেতৃত্ব দেয়নি। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি মিডিয়াম পেস বোলিং করতে পারা এই ক্রিকেটার দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com