অনলাইন ডেস্ক
নানা বিতর্ক ও সমালোচনার চাদর মুড়িয়ে আজ শুক্রবার বিকেলে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর দ্বাদশ আসর। শুরুতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও নিরাপত্তাজনিত কারণে তা বাতিল করা হয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, প্রথম পর্বের ভেন্যু সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সীমিত পরিসরে উদ্বোধনী আয়োজন করা হবে, যেখানে দেশের জনপ্রিয় শিল্পীরা অংশ নেবেন।
উদ্বোধনী দিনে বিপিএলে থাকছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে বিকেল ৩টায় মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে লড়বে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস।
রাজশাহী-সিলেট ম্যাচের আগে স্টেডিয়ামে ‘ডে লাইট ফায়ারওয়ার্ক’ প্রদর্শনের মাধ্যমে বিপিএলের উদ্বোধনী আনুষ্ঠানিকতা শুরু হবে। এ সময় সন্ত্রাসী হামলায় শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হবে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত অনুষ্ঠিত হবে। এরপর উপস্থিত সবাই সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করবেন। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিকেল ৩টায় মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচ। বিসিবির কর্মকর্তা ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা মাঠে উপস্থিত থেকে ম্যাচ উপভোগ করবেন। ম্যাচ শেষে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, যেখানে নাচ ও গানের আয়োজন থাকবে। বিপিএলে অংশ নেওয়া ছয়টি ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে শিল্পীরা নৃত্য পরিবেশন করবেন। মুকতাদিরের কোরিওগ্রাফিতে প্রায় ৪৫ মিনিটের গানের অনুষ্ঠান শেষে শুরু হবে দিনের দ্বিতীয় ম্যাচ।
এবারের বিপিএলে ধারাভাষ্য কক্ষে থাকছেন দেশি ও বিদেশি জনপ্রিয় ধারাভাষ্যকাররা। কমেন্ট্রি প্যানেলে রয়েছেন ওয়াকার ইউনুস, ড্যানি মরিসন, ড্যারেন গফ, ফারভেজ মাহরুফ, আতহার আলী খান এবং রমিজ রাজা।
















Leave a Reply