ডেস্ক রিপোর্ট
ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক নতুন করে সংকটে পড়েছে। চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে সঞ্চালক প্যানেল থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ভারতীয় ক্রীড়া সম্প্রচারে পরিচিত মুখ রিধিমা পাঠক এবারের বিপিএলে পাকিস্তানের উপস্থাপিকা জয়নব আব্বাসের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। তবে সম্প্রতি বিভিন্ন গোষ্ঠীর হুমকির মুখে তাকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। মঙ্গলবার (গতকাল) বিসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে ক্রিকেটীয় ও কূটনৈতিক টানাপোড়েন বাড়তে থাকে। গত ৩ জানুয়ারি বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স আইপিএল স্কোয়াড থেকে মুস্তাফিজকে বাদ দেয়।
এর ধারাবাহিকতায় বাংলাদেশ আইপিএল সম্প্রচার না করার ঘোষণা দেয়। পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠানো নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে ভারতের বাইরে তাদের ম্যাচগুলো আয়োজনের অনুরোধ জানালেও আইসিসি বাংলাদেশকে জানিয়ে দিয়েছে—ভারতেই খেলতে হবে, নতুবা ওয়াকওভার নিতে হবে।
সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ভারত–বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের অবনতি আরও স্পষ্ট হয়ে উঠছে, যার প্রভাব পড়ছে মাঠের বাইরের আয়োজনেও।
















Leave a Reply