অপারেশনাল চাপ ও লোকসানের কারণে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত: কারণ জানাল বিমান

ডেস্ক রিপোর্ট

ঢাকা ও সিলেট থেকে ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপারেশনাল চাপ, সীমিত উড়োজাহাজ বহর এবং দীর্ঘপথের এই রুটে আর্থিক লাভের অভাবই মূল কারণ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ম্যানচেস্টার রুটটি বিমানের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক নয়। একই শ্রেণির সীমিতসংখ্যক ওয়াইড-বডি উড়োজাহাজ দিয়ে ইউরোপ, হজ ও মধ্যপ্রাচ্য রুট পরিচালনা করতে হয়। ফলে ম্যানচেস্টারের মতো দীর্ঘপথের রুটে একটি উড়োজাহাজ একাধিক দিন ব্যস্ত থাকায় বহর ব্যবস্থাপনায় বাড়তি চাপ সৃষ্টি হয়।

হজ মৌসুমে নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুলসংখ্যক যাত্রী পরিবহনের জন্য অতিরিক্ত ফ্লাইট পরিচালনার প্রয়োজন হয়। পাশাপাশি মধ্যপ্রাচ্য রুটে প্রবাসী শ্রমিক ও ওমরাহ যাত্রীদের চাহিদা বেশি থাকায় সীমিত বহরকে কার্যকর রুটে ব্যবহার করাই অপারেশনাল বাস্তবতা।

এছাড়া নিয়মিত সি-চেক, ইঞ্জিন ওভারহল ও কাঠামোগত রক্ষণাবেক্ষণের সময় এক বা একাধিক উড়োজাহাজ দীর্ঘ সময়ের জন্য অপারেশনের বাইরে চলে যায়। ফলে উড়োজাহাজ সংকট আরও প্রকট হয়।

বিশ্বব্যাপী ক্রু সংকটও একটি বড় চ্যালেঞ্জ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘপথের ফ্লাইটের পরিবর্তে স্বল্পপথের ফ্লাইট পরিচালনায় ক্রু ব্যবস্থাপনা তুলনামূলকভাবে সহজ ও কার্যকর হয়।

সব দিক বিবেচনায় যাত্রীসেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখতে ঢাকা–সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে যাত্রীদের সুবিধার্থে লন্ডন রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়ানো হয়েছে। বর্তমানে সপ্তাহে মোট পাঁচটি ফ্লাইট পরিচালনা করছে বিমান—এর মধ্যে চারটি সিলেট হয়ে লন্ডন এবং একটি সরাসরি ঢাকা থেকে লন্ডন।

ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের কার্যকর তারিখ ১ ফেব্রুয়ারির পরিবর্তে ১ মার্চ নির্ধারণ করা হয়েছে। যাত্রীরা কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই টিকিট রিফান্ড, ফ্লাইট পরিবর্তন বা লন্ডন হয়ে ভ্রমণের সুযোগ পাবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে জানিয়েছে, নতুন উড়োজাহাজ ক্রয় ও ক্রু নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। তা সম্পন্ন হলে ভবিষ্যতে ম্যানচেস্টার রুট পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com