হাসনাত, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের জন্য পৃথক মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি উঠেছে। এ দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
সোমবার (৬ এপ্রিল) এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে একটি স্মারকলিপি জমা দেন জকসুর কার্যনির্বাহী সদস্য সাদমান সাম্য ও জাহিদ হাসান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মাতৃত্বকাল একজন নারী শিক্ষার্থীর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সময়। এ সময় শারীরিক ও মানসিক পরিবর্তনের কারণে নিয়মিত ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে।
এতে আরও বলা হয়, এ ধরনের পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী অনিচ্ছাকৃতভাবে পড়াশোনায় পিছিয়ে পড়েন এবং সেশনজটসহ নানা সমস্যার সম্মুখীন হন। ফলে তাদের শিক্ষাজীবনের ধারাবাহিকতা বজায় রাখতে একটি সুস্পষ্ট নীতিমালা অত্যন্ত জরুরি।
জকসুর প্রস্তাবে নারী শিক্ষার্থীদের জন্য ৪ থেকে ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি চালুর কথা বলা হয়েছে। পাশাপাশি ছুটিকালীন সময়ে উপস্থিতির ক্ষেত্রে নমনীয়তা, প্রয়োজন অনুযায়ী পরীক্ষা স্থগিত বা বিকল্প ব্যবস্থার সুযোগ এবং ছুটি শেষে নির্বিঘ্নে একাডেমিক কার্যক্রমে ফেরার জন্য সহায়ক পরিবেশ তৈরির সুপারিশ করা হয়েছে।
জকসু নেতারা মনে করেন, একটি শিক্ষাবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে মাতৃত্বকালীন ছুটির মতো মানবিক নীতিমালা প্রণয়ন এখন সময়ের দাবি। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
















Leave a Reply