হাসনাত, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেনের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে উপহার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। নতুন শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবনের শুরুতেই একটি ইতিবাচক পরিবেশ তৈরি করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের মাঝে সংগঠনের লোগোসংবলিত চাবির রিং ও কলম বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে এ উপহার সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা নবীনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।
এসময় মো. শাহরিয়ার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ে নতুন আসা শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের যেকোনো প্রয়োজনে সহযোগিতা করাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা চাই, তারা যেন নিজেদেরকে একা না মনে করে বরং একটি সহায়ক পরিবেশে তাদের যাত্রা শুরু করতে পারে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “নবীনদের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানো এবং তাদের পাশে থাকার বার্তা দিতেই এই আয়োজন করা হয়েছে। আমরা চাই, ক্যাম্পাসে একটি সুস্থ, সহনশীল ও ইতিবাচক পরিবেশ বজায় থাকুক, যেখানে সব শিক্ষার্থী স্বাচ্ছন্দ্যে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারে।”
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো আমাদের সাংগঠনিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা বিশ্বাস করি, একটি বন্ধুত্বপূর্ণ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা তাদের মেধা ও সম্ভাবনাকে আরও ভালোভাবে বিকশিত করতে পারবে।”
উপহার গ্রহণ করে অনেক নবীন শিক্ষার্থী সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগকে স্বাগত জানান। তাদের মতে, বিশ্ববিদ্যালয়ে প্রথমদিকে এমন আন্তরিক উদ্যোগ নতুনদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে এবং ক্যাম্পাসের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে উৎসাহ জোগায়।
















Leave a Reply