গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার : গোলাম পরওয়ার

অনলাইন ডেস্ক

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকার গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে। উন্নয়নের ক্ষেত্রেও চরম বৈষম্যমূলক আচরণ করছে। এমনকি গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে জনমতকে দমন করার অপচেষ্টা চালানো হচ্ছে।

শনিবার (৯ মে) সকাল সাড়ে ৮টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান তিনি। পরে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রবাদ আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। এখন বাস্তবেও তাই দেখা যাচ্ছে। বিএনপি ক্ষমতায় গিয়ে সেই ভূমিকাতেই অবতীর্ণ হয়েছে। তারা ৭০ ভাগ জনমতকে উপেক্ষা করে প্রতারণার রাজনীতি করছে। তিনি বলেন, নির্বাচনের আগে যারা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছিলেন, তারাই এখন গণভোটের রায় অস্বীকার করছেন। জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে গণভোটের রায় মানছে না সরকার। এটি জনগণের সঙ্গে মহা প্রতারণা ছাড়া কিছুই নয়।

উন্নয়ন প্রসঙ্গে জামায়াত নেতা বলেন, দল হিসেবে তারা উন্নয়ন কর্মকাণ্ডের বিরোধিতা করেন না, বরং উৎসাহিত করেন। তবে উন্নয়নে আঞ্চলিকতা কিংবা সরকার দলীয় প্রভাবকে প্রাধান্য দেওয়াকে গ্রহণযোগ্য মনে করেন না।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপির নির্বাচিত এলাকা হওয়ায় কোথাও একসঙ্গে সিটি করপোরেশন, নতুন উপজেলা, বিশ্ববিদ্যালয় ও আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপন করা হচ্ছে। অথচ জাতীয় গুরুত্ব বিবেচনায় এসব উন্নয়ন ভিন্ন ভিন্ন এলাকায় হওয়া উচিত ছিল।

তিনি সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি জানিয়ে বলেন, উত্তরাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক করা সবচেয়ে যৌক্তিক ও সময়োপযোগী সিদ্ধান্ত হবে। এটি বৃহত্তর রংপুর ও দিনাজপুর অঞ্চলের দীর্ঘদিনের দাবি।

গণমাধ্যম প্রসঙ্গে মিয়া গোলাম পারোয়ার বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যারা স্বাধীন সাংবাদিকতার কথা বলেছিল, এখন তারাই বিভিন্ন গণমাধ্যম নিয়ন্ত্রণে নেওয়া, সাংবাদিকদের চাকরিচ্যুত ও হয়রানির মতো কর্মকাণ্ডে জড়িত। বিশেষ করে সরকারের সমালোচনাকারী সাংবাদিকদের টার্গেট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন— জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান ও সহসভাপতি গোলাম রব্বানী। এর আগে বিমানবন্দরে তাদের ফুলেল শুভেচ্ছা জানান নীলফামারী-৪ আসনের এমপি হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম এবং জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মনিরুজ্জামান জুয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com