চোর সন্দেহ ধাওয়া খেয়ে খালের পানিতে ঝাঁপ, যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

নওগাঁয় চোর সন্দেহ স্থানীয়দের ধাওয়ায় খালের পানিতে ঝাঁপ দিয়ে মিঠুন সরকার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী এলাকায় এ ঘটনা ঘটে। খালে ঝাঁপ দেওয়ার চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে বিকেল ৪টার দিকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

নিহত মিঠুন সরকার মহাদেবপুর উপজেলার ভান্ডারপুর গ্রামের পিংকু সরকারের ছেলে। 

স্থানীয় পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে মহাদেবপুরের হাট চকগৌরী বাজারে চোর সন্দেহ স্থানীয়রা নিহত ওই যুবককে ধাওয়া করে। এরপর মিঠুন সরকার দৌড়ে হাটচকগৌরী বাজারের পাশে এক খালের পানিতে ঝাঁপ দেন। এরপর থেকে তিনি  নিখোঁজ ছিলেন। পরে স্থানীয়রা নওহাটা পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করে। 

নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম মোস্তাফা জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এরপর রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

তিনি আরও জানান, নিহত মিঠুন সরকার চোর কিনা এ বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। তবে অভিযোগ পেলে তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com