জবি সংবাদদাতা:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রতিষ্ঠার পর প্রথমবারের মত অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদে মোট ভোটারের প্রায় ৬৫ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন। এছাড়াও একমাত্র মেয়েদের হল সংসদ নির্বাচন ৭৭ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।
মঙ্গলবার ( ৬ জানুয়ারি) সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন শিক্ষার্থীরা৷ ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার ড. জুলফিকার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন৷
নির্বাচন কমিশনার ড. জুলফিকার মাহমুদ বলেন, কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। অন্যদিকে হল সংসদে প্রায় ৭৭ শতাংশ ভোটাধিকার প্রয়োগ হয়েছে। আমরা চূড়ান্ত ফলাফলের জন্য ভোট গণনা শুরু করেছি৷
নির্বাচন সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন পর এমন অংশগ্রহণমূলক ভোটগ্রহণ বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।
এবারের জকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদের ২১টি পদের বিপরীতে মোট ১৫৭ জন এবং হল সংসদের ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩৩ জনসহ কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী ১৮৭ জন। নির্বাচনে মোট ৩৯টি ভোটকেন্দ্র ও ১৭৮টি বুথে ভোট গ্রহণ করা হয়েছে।
গত ৩০ ডিসেম্বর নির্বাচন শুরুর ঠিক আগে সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর জরুরি সিন্ডিকেট সভায় নির্বাচন স্থগিত করা হয়। পরদিন শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নতুন তারিখ দিয়ে পুনরায় আজকের দিনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে দুই দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় বিগত বছরের ৩০ ডিসেম্বর৷
















Leave a Reply