সীমান্তে মাদক চোরাকারবারি বাংলাদেশি যুবক পুনরায় গুলিবিদ্ধ

লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী সীমান্তে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত এক বাংলাদেশি যুবক পুনরায় গুলিবিদ্ধ হয়েছেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ দৈখাওয়া বিওপির একটি টহল দল নিয়মিত টহল চলাকালে সীমান্ত পিলার নম্বর ৯০২-এর নিকট গুলির শব্দ শুনতে পায়। পরে ঘটনাস্থলে গিয়ে কয়েকজন লোককে ছোটাছুটি করতে এবং গুলিবিদ্ধ এক ব্যক্তিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়।

পরবর্তীতে বিজিবির তত্ত্বাবধানে আহত ব্যক্তিকে অ্যাম্বুলেন্সযোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত যুবকের নাম মো. রনি (২২)। তিনি গোতামারী গ্রামের বাসিন্দা এবং পিতা মো. হারুন অর রশিদ। বিজিবি সূত্র জানায়, তিনি এলাকায় মাদক বহনকারী হিসেবে পরিচিত।

বিজিবি আরও জানায়, গত ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে বিএসএফের ছররা গুলিতে আহত হয়ে রনি আত্মগোপনে চলে যান। সে সময় তার বাড়িতে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী গেলেও তার বাবা প্রথমে তার উপস্থিতির কথা অস্বীকার করেন। এরপর দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন।

বর্তমানে আহত রনি রংপুর মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আপাতত আশঙ্কামুক্ত বলে জানা গেছে। তার বিরুদ্ধে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,

“বারবার সতর্ক করার পরও সীমান্ত এলাকায় এ ধরনের অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড অত্যন্ত হতাশাজনক।”

তিনি সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com