জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনায় নাটকীয় মোড় নিয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ১৮টি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে থাকলেও সহসভাপতি (ভিপি) পদে ব্যবধান কমে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।
বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে স্থাপিত নির্বাচন কমিশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে এসব ফলাফল ঘোষণা করা হয়।
১৮টি কেন্দ্রের সমন্বিত ফলাফলে দেখা যায়, ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্রার্থী একেএম রাকিব এখনো শীর্ষে রয়েছেন। তবে তার লিড কমে এসেছে। রাকিব পেয়েছেন মোট ২ হাজার ১৫৪ ভোট। তার খুব কাছেই অবস্থান করছেন ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম, যার প্রাপ্ত ভোট ২ হাজার ১২৯। দুই প্রার্থীর ব্যবধান এখন মাত্র ২৫ ভোট।
জিএস পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী আব্দুল আলিম আরিফ একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছেন। তিনি পেয়েছেন ২ হাজার ৩৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৩৯ ভোট।
এজিএস পদেও ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মাসুদ রানা ২ হাজার ৮৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী বিএম আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১ হাজার ৮১৯ ভোট।
সর্বশেষ ঘোষিত ১৫, ১৬, ১৭ ও ১৮ নম্বর কেন্দ্রের (আইন ও ভূমি প্রশাসন, সমাজবিজ্ঞান, সমাজকর্ম ও পরিসংখ্যান বিভাগ) ফলাফলে ভিপি পদে রিয়াজুল ইসলাম সবকটিতেই জয়ী হয়েছেন। এর মধ্যে পরিসংখ্যান বিভাগে রিয়াজুল ১৯০ ভোট পান, যেখানে রাকিব পান ৯৪ ভোট। সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগেও রিয়াজুল বড় ব্যবধানে এগিয়ে ছিলেন।
আইন ও ভূমি প্রশাসন কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১৫২ ভোট, আর একেএম রাকিব পেয়েছেন ১৩৭ ভোট। একই কেন্দ্রে জিএস পদে আব্দুল আলিম আরিফ ২৩৩ ভোট পেয়ে বড় ব্যবধানে এগিয়ে থাকেন।
তবে সমাজকর্ম বিভাগে এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী তানজিল ১৬২ ভোট পেয়ে ছাত্রশিবিরের মাসুদ রানার (১৩০ ভোট) চেয়ে এগিয়ে ছিলেন। অন্য তিন কেন্দ্রে এজিএস পদে মাসুদ রানাই এগিয়ে ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হল সংসদসহ বাকি আরও ২১টি কেন্দ্রের ফলাফল গণনা ও প্রকাশ প্রক্রিয়া চলমান রয়েছে। ভিপি পদের ব্যবধান কমে আসায় শিক্ষার্থীদের মধ্যে ফলাফল নিয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে।









Leave a Reply