ডেস্ক রিপোর্ট
নির্বাচন কমিশনারের অনুরোধে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় গঠনতন্ত্র অনুযায়ী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান দল পরিষদের কার্যক্রম সফল করার জন্য সবার দোয়া কামনা করা হয়েছে।
তিনি জানান, আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং কবর জিয়ারত ও পারিবারিক দায়িত্ব পালনের উদ্দেশ্যে উত্তরাঞ্চলের কয়েকটি অঞ্চলে সফরের সিদ্ধান্ত নিয়েছিলেন তারেক রহমান। তবে নির্বাচন কমিশনারের অনুরোধের পর সেই সফর স্থগিত করা হয়েছে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন বানচাল করতে বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। এরই অংশ হিসেবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এছাড়াও সম্প্রতি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
















Leave a Reply