কারাগারে আসামির সঙ্গে মামলার বাদীর বিয়ে, নেপথ্যে কী

অনলাইন ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার আসামির সঙ্গে বাদীর বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় তাদের স্বজনের উপস্থিতিতে ধর্মীয় রীতি মেনে তাদের বিয়ে সম্পন্ন হয়।

কারাসূত্রে জানা গেছে, বিয়ের কাগজপত্র আদালতে দাখিলের পর জামিন মিলবে মামলার আসামি ও বর তরিকুল ইসলামের (২৬)। দুই পরিবারের সমঝোতার চেষ্টার একপর্যায়ে কারাগারে থেকেই ওই নারীকে বিয়ে করতে সম্মতি দেন তরিকুল। এরপর দুই পক্ষের আইনজীবীরা আদালতে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কারাগারে বিয়ের অনুমতি দেন।

ভুক্তভোগী নারীটির আগে এক ব্যক্তির সঙ্গে বিয়ে হলেও তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়। ওই ঘরে তার কোনো সন্তান জন্ম নেয়নি।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল ফরহাদ জানান, এম তরিকুল ইসলাম রাজধানীর যাত্রাবাড়ীতে একটি দোকানের কর্মচারী। তার বয়সের চেয়ে ৯ বছরের বড় এক নারীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে; কিন্তু তিনি বিয়ে করতে রাজি ছিলেন না।

এতে ক্ষুব্ধ হয়ে ওই নারী গত ২৬ এপ্রিল তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় ধর্ষণের মামলা করেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
তিনি আরো জানান, ওই নারীর ডিএনএ পরীক্ষায় তার বিরুদ্ধে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। মামলার পরবর্তী ধার্য তারিখে তরিকুলের পক্ষ থেকে আদালতে কাবিননামা দাখিল করলে আদালত বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে জামিন দিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com