হাসনাত, জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নারী শিক্ষার্থীদের স্টাফ বাসে হেনস্তা ও দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তার বিরুদ্ধে। অভিযুক্ত খন্দকার হাবিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক পদে কর্মরত আছেন। আজ সোমবার সকালে বিশ্ববিদ্যালয় অভিমুখে আসার পথে এ ঘটনা ঘটে।
ঘটনার বিবরণ:
ভুক্তভোগী শিক্ষার্থীদের ভাষ্যমতে, চিটাগাং রোড ও কাজলা এলাকা থেকে বিশ্ববিদ্যালয়ে আসার নিয়মিত স্টুডেন্ট বাসটি মিস করায় তারা বিকল্প হিসেবে স্টাফ বাসে ওঠেন। এসময় বাসে থাকা কর্মকর্তা খন্দকার হাবিবুর রহমান তাদের পরিচয়পত্র দেখতে চান এবং দীর্ঘক্ষণ আটকে রাখেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই কর্মকর্তা শিক্ষার্থীদের লোকাল বাসে যাতায়াত করার নির্দেশ দেন এবং ‘এই বাস তোমাদের না’ বলে উচ্চবাচ্য করেন।
ভুক্তভোগী দর্শন বিভাগের এক শিক্ষার্থী বলেন, “আমরা বাধ্য হয়ে এই বাসে উঠেছিলাম। কিন্তু উনি পরিচয়পত্রের মেয়াদ নিয়ে প্রশ্ন তোলেন এবং চরম অপদস্থ করেন। এমনকি কার্ড ফেরত দিতেও অনীহা প্রকাশ করেন।”
শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ:
বিশ্ববিদ্যালয়ের পরিবহন সংকটের মাঝে এমন আচরণে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। শিক্ষার্থীরা একে ‘শিক্ষার্থীবিরোধী মানসিকতা’ ও ‘মর্যাদাহানি’ হিসেবে অভিহিত করে বিচার দাবি করেছেন।
প্রশাসনের অবস্থান:
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের বিশেষ করে নারী শিক্ষার্থীদের সুবিধা দেখা আমাদের নৈতিক দায়িত্ব। কোনো কর্মকর্তা যদি এমন আচরণ করে থাকেন, তবে তার শাস্তি হওয়া উচিত।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক জানিয়েছেন, শিক্ষার্থীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর উপাচার্য ও রেজিস্ট্রারের সমন্বয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে উপ-পরিচালক খন্দকার হাবিবুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।















Leave a Reply