৪২ দিনে রংপুর বিভাগে ৭২ ইটভাটায় অভিযান, সাড়ে ৬ কোটি টাকা জরিমানা

ডেস্ক রিপোর্ট

পরিবেশ সুরক্ষা ও আইন প্রয়োগে কঠোর অবস্থান নিয়েছে পরিবেশ অধিদপ্তর। গত বছরের ডিসেম্বর থেকে চলতি মাসের ১১ জানুয়ারি পর্যন্ত মাত্র ৪২ দিনে রংপুর বিভাগে ৭২টি ইটভাটায় অভিযান চালিয়েছে সরকারি এই সংস্থাটি। অভিযানে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে প্রায় সাড়ে ৬ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে ২১টি অবৈধ ও পরিবেশ-ক্ষতিকর ইটভাটা বন্ধ করে চিমনি ভেঙে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অভিযানে সবচেয়ে বেশি ব্যবস্থা নেওয়া হয়েছে কুড়িগ্রাম জেলায়। সেখানে ২৬টি ইটভাটার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া দিনাজপুরে ১৪টি, পঞ্চগড়ে ৬টি, নীলফামারীতে ৭টি, গাইবান্ধায় ৫টি, রংপুরে ৫টি এবং ঠাকুরগাঁও জেলায় ২টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানে দেখা গেছে, অধিকাংশ ইটভাটাই বৈধ অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছিল অথবা পরিবেশ সংরক্ষণ আইন ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে কার্যক্রম চালিয়ে আসছিল। অনেক ভাটায় আধুনিক প্রযুক্তির পরিবর্তে পুরনো ও নিষিদ্ধ চুল্লি ব্যবহার করা হচ্ছিল, যা পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

কিছু এলাকায় কৃষিজমি নষ্ট করে ইটভাটা স্থাপন এবং কোথাও বসতবাড়ির খুব কাছাকাছি ভাটা পরিচালনার প্রমাণ পাওয়া গেছে। এসব গুরুতর অনিয়মের কারণে জরিমানার পাশাপাশি ২১টি ইটভাটা সম্পূর্ণ বন্ধ করে পরিবেশের ক্ষতি রোধে চিমনি ভেঙে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক নুর আলম জানান, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com