শতাধিক হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ ৮ ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট

শতাধিক গুম ও খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বুধবার (১৪ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে আসামিপক্ষের করা অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। পরে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ পড়ে শোনান। অভিযোগ পাঠ শেষে ট্রাইব্যুনাল তাকে দোষ স্বীকার করবেন কি না জানতে চাইলে তিনি দাঁড়িয়ে বলেন, “নট গিল্টি”

এরপর তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, শাইখ মাহদীসহ অন্যান্যরা। আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী ও নাজনীন নাহার।

এদিন সকালে কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্যে প্রিজনভ্যানে করে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তিনি বিভিন্ন মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি রয়েছেন।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জিয়াউলের বিরুদ্ধে তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে বলা হয়, ২০১১ সালের ১১ জুলাই রাতে গাজীপুর সদর থানার পুবাইল এলাকায় সড়কের পাশে জিয়াউলের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয়।

দ্বিতীয় অভিযোগে বলা হয়, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত সময়ে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের বলেশ্বর নদীর মোহনায় নজরুল ও মল্লিকসহ অন্তত ৫০ জনকে হত্যা করা হয়।

তৃতীয় অভিযোগেও আরও ৫০ হত্যার অভিযোগ আনা হয়েছে। এতে বলা হয়, একই সময়ে বরগুনার বলেশ্বর নদী ও বাগেরহাটের শরণখোলায় সুন্দরবনের বিভিন্ন এলাকায় তথাকথিত বনদস্যু দমনের আড়ালে মাসুদসহ আরও ৫০ জনকে হত্যা করা হয়।

এর আগে গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন ট্রাইব্যুনাল। ১৭ ডিসেম্বর তার বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল এবং একই দিন প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com