ময়মনসিংহে পুলিশের ওপর হামলা: হ্যান্ডকাপসহ আসামি ছিনতাই, মামলায় গ্রেপ্তার ৭

ডেস্ক রিপোর্ট

ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পর নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের দিঘারকান্দা ফিসারি মোড় এলাকায় অভিযান চালিয়ে সংশ্লিষ্ট ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার হওয়া আসামিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় যাচাই করা হচ্ছে। যাচাই শেষে বিস্তারিত জানানো হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের দিঘারকান্দা ফিসারি মোড় এলাকায় এজাহারভুক্ত আসামি মো. আরিফুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে। এ সময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ তাকে ছিনিয়ে নেয়। হামলার ঘটনায় এসআই ফরিদসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com