ডেস্ক রিপোর্ট
চব্বিশের গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের জব্দকৃত সব আলামত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রদর্শনের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এক মাসের জন্য এসব আলামত প্রদর্শনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।
তিনি জানান, অন্তর্বর্তী সরকার গণভবনকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে ঘোষণা করেছে, যার উদ্বোধন আগামী ২০ জানুয়ারি। এই জাদুঘরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া বা বর্তমানে বিচারাধীন মামলাগুলোতে জব্দ করা আলামত প্রদর্শনের জন্য অনুমতি চেয়ে আবেদন করা হয়।
প্রদর্শিত আলামতের মধ্যে রয়েছে—
জব্দকৃত গুলি, অস্ত্র, রক্তমাখা পোশাক, গুম হওয়া ব্যক্তিদের নির্যাতনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ গণহত্যার সাক্ষ্য বহনকারী গুরুত্বপূর্ণ প্রমাণাদি।
শুনানি শেষে ট্রাইব্যুনাল নির্দেশ দেন, শুধু আগামী এক মাসের জন্য এসব আলামত জাদুঘরে প্রদর্শন করা যাবে। নির্ধারিত সময় শেষে আলামতগুলো পুনরায় ট্রাইব্যুনালের হেফাজতে ফেরত দিতে হবে।















Leave a Reply